সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আনোয়ারপুর বাজার ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ ঘটনা ঘটে। হাউসবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। তখন নৌকায় শুধু মিস্ত্রি ও কর্মচারীরা ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দাউদাউ করে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সময়ের আলোকে জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলেও জানান তিনি।
সময়ের আলো/আরবিএন