রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে।’
তিনি বলেন, ‘নতুন সংসদের প্রথম অধিবেশনের অন্যতম কাজ হওয়া উচিত রাষ্ট্রপতির অভিশংসনের উদ্যোগ নেওয়া। সংসদে সরকারি ও বিরোধীদলসহ সবাইকে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে। জাতীয় ঐক্যের জায়গা থেকে এখানে কোনো বিভেদ থাকবে না।’
তিনি বলেন, ‘সেই সময় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরানো সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে উঠে এসেছে। সে সময় রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংবিধান রক্ষার স্বার্থে রাষ্ট্রপতিকে পদে রাখা হয়েছিল। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।’
সময়ের আলো/কেএইচও