রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ নির্দেশনা দিয়েছেন। এতে জামিন পেলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আট জেলার পুলিশ সুপারদের এমন এক বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।
প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।
জানা গেছে, রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো জয়।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, শুধু আওয়ামী লীগ না, যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের গ্রেফতার করতে বলা হয়েছে। যেসব প্রভাবশালী নেতারা জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী ও মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করছে তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এফআর