প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৫০ পিএম
গ্রেফতার সাদেক মিয়া। ছবি : সংগৃহীতহবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ৫দিন পর লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকার খাল থেকে তারেক মিয়ার (২২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি নিহতের বন্ধু সাদেক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে সাদেক মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে লাখাইয়ের ফুলবাড়িয়া এলাকার একটি খাল থেকে তারেকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মুসা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর এলাকার মারফত উল্লাহর ছেলে এবং আটক সাদেক মিয়া ওই এলাকার নানু মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, তারেক নিখোঁজ থাকায় শুক্রবার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তারেকের বন্ধু সাদেককে আটক করা হয়।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক আইফোন নেওয়ার জন্যই বন্ধুৃ তারেককে হত্যা করেছে বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার দুই বন্ধু কাজের জন্য লাখাই উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গেলে তারেকের হাতে থাকা আইফোন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদেক মিয়া তারেকের গলা কেটে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এনএন