প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম
বটিয়াঘাটা থানা। ছবি : সংগৃহীতখুলনা বটিয়াঘাটায় ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে আরেক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০টা মিনিটে উপজেলার চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে তিনি গুলিবিদ্ধ হন। তিনি খুলনায় জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
তিনি বটিয়াঘাটা থানাধীন তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে।
ওহিদুল ইসলাম বাদল ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী এবং ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওহিদুল ইসলাম বাদল চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে অবস্থান করছিলেন।
এ সময় হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ ওহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এনএন