ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কুমারখালী-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় থাকা দুষ্কৃতকারীরা রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক মঙ্গলবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হন। হামলাকারীরা আমাদের মাঝিদের মারধর করে এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেয়। এ সময় মাঝিদের কান ধরে উঠবসও করান হয়, যাতে তারা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে স্পিডবোট ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়।
সময়ের আলো/প্রিন্ট/এসকে