টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে লঙ্কানদের ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল কিউইরা।
সুপার এইটে দিনের একমাত্র ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। কিউইদের বিপক্ষে পেরে উঠল না তারা। মিচেল স্যান্টনারের ঝোড়ো ব্যাটিং এবং রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে ৬১ রানের বিশাল ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল লঙ্কানরা। এদিকে পাকিস্তানের বিদায়ও প্রায় নিশ্চিত করে নিজেদের অবস্থান শক্ত করল স্যান্টনার বাহিনী।
এ জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। আর দুই ম্যাচের দুটিতেই হেরে তলানিতে অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার।
১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই ভালো করতে দেননি কিউই পেসার ম্যাট হেনরি। পাওয়ার প্লেতে ফেরান দুই লঙ্কান ব্যাটারকে। প্রথম বলেই শূন্যরানে আউট হন পাথুম নিশাঙ্কা। তৃতীয় ওভারে চারিথ আসালাঙ্কাকে আউট করেন হেনরি। আউট হওয়ার আগে ৯ বল খেলে মাত্র ৫ রান করেন আসালাঙ্কা।
এরপর নিজের স্পিন বিষে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেন রাচিন রবীন্দ্র। চোখের পলকেই একে একে চার লঙ্কান ব্যাটারকে সাজঘরের পথ দেখান এই বাঁহাতি স্পিনার। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। আউট হওয়ার আগে কুশল মেন্ডিস ১১, পাভান রত্নায়েক ১০, দলনেতা দাসুন শানাকা ৩ ও দুসান হেমন্ত ৩ রান করেন।
এদিকে দুনিথ ভেল্লালাগেকে নিয়ে লড়াই চালিয়ে যান কামিন্দু মেন্ডিস। কিন্তু সেই লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২৩ বলে ৩১ রান করে আউট হন তিনিও। ভেল্লালাগে থামেন ২৯ রানে। আর ৭ রানে চামিরা ও ২ রানে থিকসানা অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রান করে শ্রীলঙ্কা।
সময়ের আলো/এআর