আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানিয়ে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরেকটি প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে হঠাৎ করেই ড. আহসান এইচ মনসুরকে বিদায় দিয়ে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার পর দিনভর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ায় অনেকেই সমালোচনা করছেন। তবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘নতুন গভর্নর নিয়োগ স্বাভাবিক ঘটনা। প্রয়োজনে আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।
জানা গেছে, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। মো. মোস্তাকুর রহমান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ৯ দিনের মাথায় আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল হলো। তার স্থলে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
যা বললেন অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল এবং নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে- এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে।’
আহসান এইচ মনসুরকে সরিয়ে বুধবার দুপুরে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে সরকার। বেলা পৌনে ৪টায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ জন্য দুটি প্রজ্ঞাপন জারি করে। একটিতে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
অন্যটিতে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর সাংবাদিকরা সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চান, কোন বিবেচনায় গভর্নর পরিবর্তন করা হলো? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিবেচনার তো কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের অগ্রাধিকার আছে। পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকেই হয়নি। এটা অনেক জায়গায় হচ্ছে এবং হতেই থাকবে।’
গভর্নরের নিয়োগ ও বিদায় নিয়ে দিনভর যা হলো
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়টা সুখকর হলো না। নিয়োগ বাতিলের আগে কয়েক দিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তার বিরুদ্ধে আন্দোলন করেন। এরপর গতকাল তার নিয়োগ বাতিলের পাশাপাশি মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মোস্তাকুর রহমান পেশায় ব্যবসায়ী ও হিসাববিদ। এর মধ্য দিয়ে দেশে প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ নিয়ে দিনভর কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা চলে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
গতকাল সকালে বিভিন্ন দাবি পূরণ এবং তিন কর্মকর্তাকে কারণ দর্শানো ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসব দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতিতে যাবেন কর্মকর্তা ও কর্মচারীরা- এমন ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের ‘স্বৈরাচারী’ আচরণের প্রতিবাদে সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ডেপুটি হেড অব বিএফআইইউ মফিজুর রহমান খান চৌধুরী বলেন, বিগত সাত-আট মাস ধরে ন্যায্য দাবি উত্থাপন করেছি গভর্নরের কাছে। কিন্তু তিনি তা মানেননি। আমরা আশা করি, তিনি আমাদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নেবেন। কোনো অন্যায্য দাবি জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবেন।
শেষ সময়ে আহসান এইচ মনসুর যা জানালেন
কর্মকর্তাদের প্রতিবাদ সভার পর আহসান এইচ মনসুর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, কিছু কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের ইশারায় পরিচালিত হয়ে প্রতিষ্ঠানের মানমর্যাদা ক্ষুণ্ন করছেন। কর্মকর্তাদের অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের সার্ভিস রুলস মেনে চলতে হবে। যদি কেউ প্রতিষ্ঠানের নীতিমালার বাইরে গিয়ে কাজ করতে চান, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা রক্ষায় কোনো প্রকার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর এই সংবাদ সম্মেলন করার পরপরই জানতে পারেন, নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক থেকে চলে আসেন। গভর্নর তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা করা একটি নিয়ন্ত্রক সংস্থার জন্য অপরিহার্য। বিশেষ করে যখন খাতটি কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি পদক্ষেপকে হতে হবে আইনি ও প্রশাসনিক বিধিমালা অনুযায়ী সুসংহত। মূলত আমানতকারীদের সুরক্ষা এবং বিপর্যস্ত ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের কৌশলগত প্রচেষ্টাই বর্তমান প্রশাসনের মূল চালিকাশক্তি, যা আর্থিক মধ্যস্থতার পরবর্তী পদক্ষেপগুলোতে আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়।
যা বললেন নতুন গভর্নর
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন গভর্নর গণমাধ্যমকে বলেন, ব্যাংকিং খাতে ‘আস্থা বাড়ানোকে’ মূল কাজ ধরে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গুরু দায়িত্ব শুরু করতে চাই। একই সঙ্গে সুদের হার কমিয়ে আনার চেষ্টাও করব।
গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়ে কী ভাবছেন, এমন প্রশ্নে মোস্তাকুর রহমান বলেন, আসলে জানেনইতো অর্থনীতির অবস্থা, ব্যাংকিং খাতের অবস্থা। তাই এই সময়টায় এই দায়িত্ব নিয়ে কাজ করায়তো ‘একটা চ্যালেঞ্জ আছে’। ইনশাআল্লাহ, আগে ব্যাংকে বসি। সবার সঙ্গে আলোচনা করি। আশা করি সবার সহযোগিতা নিয়ে প্রধান কাজটা হবে- আগে ‘ট্রাস্ট বিল্ডিং’ ব্যাংকিং খাতে। শৃঙ্খলা আরও ফিরিয়ে নিয়ে আসা। নিশ্চয়ই আগের গভর্নর (আহসান এইচ মনসুর) অনেকখানি নিয়ে আসছেন, আরও নিয়ে আসা।
তার ভাষ্য, আরেকটা হচ্ছে আমাদের যেটা প্রধান থাকবে যে প্রবৃদ্ধির লক্ষ্য করে আমাদের অর্থনীতিকে যতটুকু রান করা যায়। আপনি জানেন যে ঋণের প্রবৃদ্ধি কমে আসছে, তাই না? তো, এরজন্য চেষ্টা করা- সুদের হারকে কমায়ে নিয়ে আসা। এই কাজগুলো করা।
কে এই মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। এ ছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
সময়ের আলো/আআ