বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের যুবক ইয়াছিন আলী হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক এর আদালতে হাজির করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন এহিয়া চৌধুরী। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি টিম ২৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেফতার করে। পরে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে এহিয়াকে নাটোর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। এদিন তাকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবীর মৃত্যুর কারণে ফুল কোর্ট রেফারেন্সের কারণে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।
এ বিষয় নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান ,৫ আগস্ট নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর আসনের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুনে পুড়িয়ে ইয়াছিন নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজারভূক্ত আসামি হিসাবে এহিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে এহিয়া চৌধুরীকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সময়ের আলো/জোই