ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জ্বালানি তেল পরিবহন স্থগিত করেছে বেশ কিছু শীর্ষস্থানীয় তেল ও ট্রেডিং কোম্পানি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে জাহাজের ওপর হামলার আশঙ্কায় নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলো।
একটি শীর্ষস্থানীয় ট্রেডিং কোম্পানির নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের জাহাজগুলো আগামী কয়েক দিন বর্তমান অবস্থানেই অবস্থান করবে।
এদিকে, এই রুটে জাহাজ চলাচল দীর্ঘ সময় স্থগিত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী সরু সমুদ্রপথটিকে বলা হয় হরমুজ প্রণালি। এ সমুদ্রপথ ব্যবহার করে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়।
এফআর