ঢাকার দোহার উপজেলায় গাছের কাটা ডাল নিয়ে বাগ্বিতণ্ডায় নুর মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা বাগেরকাঁচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের মৃত উসমান বেপারীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজ (রোববার) সকালে বাড়ির উঠানে গাছের কাটা ডাল নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী সেলিমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিমের ছোট ছেলে রিয়াজুল ধারালো ছ্যান দা ও একটি চাইনিজ কুড়াল দিয়ে নুর মোহাম্মদের ঘাড়ে, মাথায় ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা রক্তাক্ত অবস্থায় নুর মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী সেলিম বেপারীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা চলছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গাছের ডাল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সেলিমের ছোট ছেলে রিয়াজুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছ্যান দা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এফআর