ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুদের হুঁশিয়ার করে বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ অব্যাহত রাখব। সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেবে। তাদের সক্ষমতা ও ঘাঁটি ধ্বংসের মাধ্যমে আমরা তাদের হতাশ করে দেব।
রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট এসব কথা জানান। এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটিতে তিন সদস্যের একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করা হয়।
নিজের মৃত্যুর গুজব উড়িয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও জানান, নতুন এই নেতৃত্ব কাউন্সিল ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। কাউন্সিলে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এহজেই এবং আয়াতুল্লাহ আলি রেজা আরাফি।
পেজেশকিয়ান বলেন, শাহাদাত হলো বিপ্লবীর দীর্ঘ বছরের ত্যাগের এক চূড়ান্ত রূপ। শহিদদের দেখানো পথ কখনো থেমে থাকবে না।
ভাষণে তিনি শত্রুর যে কোনো ষড়যন্ত্রের মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিগুলোর ওপর কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।
সময়ের আলো/আআ