সচিবালয়ে নিজের দফতরের বিদ্যুৎ ব্যবহার কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নেন। এই মাত্রায় নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা ঠিক করে দিতে বলেন।
রুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিক্রমী উদ্যোগের পরে তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা ঠিক করা হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। লাইট কম ব্যবহার করে দিনেরবেলা অফিস বা বাড়ি-ঘরের পর্দার জানালার সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সকলের প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ রেখেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আর কী করণীয় আছে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে বলেছেন।
সময়ের আলো/জেডআই