প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবিঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য করা হয়।
লিখিত বক্তব্যে পরিবারের সদস্য লাকি বেগম অভিযোগ করেন, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার শাহ আলমের ছেলে রাজু আহমেদ গত ২৬ ফেব্রুয়ারি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে তার ছেলে আরিফুল ইসলাম সজিবকে মারধর করেন। এ সময় রাজু আহমেদের নেতৃত্বে ১০-১২ জন লোক হামলায় অংশ নেয়। পরে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার কারণে পরিবারের সব পুরুষ সদস্য বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
লাকি বেগম আরও অভিযোগ করেন, পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকার সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে রাজু আহমেদের অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্জাক, রনি ও পলাশ বাহিনীর সদস্যরা তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ