হবিগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইফতার সামগ্রী তৈরীতে পোড়া তেলের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালের এ অভিযানে নেতৃত্ব দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুর রহমান।
অভিযানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব ও পুলিশ অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাকিব হোসাইন জানান, রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষে শহরের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করা হয়। অভিযানে বেশ কিছু খাদ্যপণ্য তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপদান, পোড়া তেলের ব্যবহার এবং খাদ্যে ক্ষতিকারক রং মিশ্রণসহ বিভিন্ন অপরাধে কলাপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার, মধুবন ক্যাফে রেস্টুরেন্টকে ১০ হাজার, মধুবন রেস্টুরেন্টকে ১০ হাজার, ম্যাংগো রেস্টুরেন্টকে ১০ হাজার এবং আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজারসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন