বিলুপ্তির পথে পানি সেচের উপকরণ ‘সেঁওতি’

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

এক সময় গ্রামবাংলার কৃষিজমিতে পানি সেচের প্রধান ভরসা ছিল ঐতিহ্যবাহী উপকরণ ‘সেঁওতি’। অঞ্চল ভেদে সেঁওতি কে হেউত, ডোঙ্গা বা ঠোঙ্গা

2026-03-07T13:11:00+00:00
2026-03-07T13:11:00+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিলুপ্তির পথে পানি সেচের উপকরণ ‘সেঁওতি’
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:১১ পিএম 
সেচের প্রধান ভরসা ছিল ঐতিহ্যবাহী উপকরণ সেঁওতি। ছবি : সময়ের আলো
এক সময় গ্রামবাংলার কৃষিজমিতে পানি সেচের প্রধান ভরসা ছিল ঐতিহ্যবাহী উপকরণ ‘সেঁওতি’। অঞ্চল ভেদে সেঁওতি কে হেউত, ডোঙ্গা বা ঠোঙ্গা নামেও ডাকা হয়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন সেই সেঁওতি হারিয়ে যেতে বসেছে।  

কুমিল্লার চান্দিনা সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও এখন আর তেমন দেখা মেলে না এই ঐতিহ্যবাহী সেচযন্ত্রের।

উপজেলার মাইজখার ইউনিয়নের প্রবীণ কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎচালিত পাম্প কিংবা ডিপ টিউবওয়েল সহজলভ্য হওয়ার আগে খাল-বিল, পুকুর বা ডোবা থেকে জমিতে পানি তোলার জন্য সেঁওতিই ছিল একমাত্র ভরসা। বাঁশ, কাঠ ও দড়ি দিয়ে তৈরি লিভার পদ্ধতির এই যন্ত্রে এক প্রান্তে থাকত ভারসাম্য রক্ষাকারী ভারী বস্তু এবং অন্য প্রান্তে বাঁধা থাকত কলস বা টিনের পাত্র। হাতের জোরে ওঠানামা করিয়ে কৃষকেরা জমিতে পানি দিতেন।


চান্দিনা উপজেলার আলীকামোড়া গ্রামের কৃষক শাহ আলম জানান, বিশেষ করে বোরো মৌসুমে দিনের পর দিন সেঁওতি চালিয়ে জমিতে পানি সেচ দেওয়া হতো। এতে খরচ কম হলেও শ্রম ছিল বেশি। বর্তমানে ডিজেল ও বিদ্যুৎচালিত পাম্প ব্যবহারে অল্প সময়ে বেশি জমিতে পানি দেওয়া সম্ভব হওয়ায় কৃষকেরা আধুনিক যন্ত্রের দিকেই ঝুঁকেছেন।

পূর্ব মাইজখার গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, আগে মাঠে গেলেই কয়েকটি সেঁওতি চোখে পড়ত। এখন নতুন প্রজন্ম অনেকেই এর নামও জানে না।

বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান কামাল বলেন, প্রযুক্তির উন্নয়নে কৃষিকাজ সহজ ও দ্রুত হয়েছে, তবে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে সেঁওতির মতো প্রাচীন কৃষি উপকরণ স্থানীয়ভাবে সংরক্ষণ বা প্রদর্শনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সময়ের আলো/জোই

  বিষয়:   চান্দিনা  কুমিল্লা  বিলুপ্তি  সেঁওতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: