প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম
১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলোনাটোরের সিংড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাতে আহত এসআই মো. নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় রাতেই অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন ও মো. আমজাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হয়। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এতে সিংড়া থানার উপপরিদর্শক মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও ১০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আরবিএন