প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২০ এএম
পুতুল রানী। ছবি : সংগৃহীতজামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের বাজারিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুতুল রানী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ইসলামপুর পৌর শহরের বাজারিপাড়া এলাকার মৃত সাদাফলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। পরে ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৯ অক্টোবর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া বাদী হয়ে দায়ের করা ওই মামলায় পুতুল রানীসহ মোট ৪৮ জনকে আসামি করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুতুল রানী সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। রোববার দুপুরে তাকে গ্রেফতারের পর বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ওসি মিজানুর রহমান।
সময়ের আলো/জোই