গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একাব্বর আলী (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার দুই প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৯ মার্চ) বিকেলে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া গ্রামের মৃত আজি জুয়াড়ুর ছেলে নুরু মিয়া (৩৮) এবং একই গ্রামের আব্দুর রহিম হাজীর ছেলে মোজাম্মেল হক (৪৮)।
র্যাব সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিবেশী ও শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একাব্বর আলীর। গত ৬ মার্চ সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে একাব্বর আলীর জমিতে জোরপূর্বক হালচাষ শুরু করে। এতে বাধা দিলে আসামিরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে একাব্বর আলী বাড়িতে ফিরে গেলে আসামিরা তার বাড়ির গেটের সামনে গিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ৭ মার্চ নিহতের ছেলে নুর আলম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে গত ৮ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চানমারি এলাকা থেকে নুরু মিয়াকে এবং রাতে ঢাকার কদমতলী থানার তুষারধারা এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফআর