রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই একদিনের সফরকে কেন্দ্র করে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) যৌথভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানোর পর সিলেট সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সফরের শেষ পর্যায়ে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার প্রাঙ্গণের প্রস্তুতি এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির সফর যাতে ত্রুটিহীন হয় এবং তিনি সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। মাজার জিয়ারত থেকে শুরু করে নাগরিক সংবর্ধনা—সবক্ষেত্রেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তায় গোটা নগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সোমবার নগরীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শাহজালাল মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিং করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রথম সিলেট সফর ঘিরে স্থানীয় সচেতন নাগরিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
সময়ের আলো/জোই