মাদারীপুরে সুমি আক্তার (২৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই মারধর করা হয়। এরই সূত্র ধরে রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে নিহতের পরিবারের দাবি। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার ও শ্বশুরবাড়ির লোকজন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্মা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/এনএন