প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম
মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো ঝালকাঠির রাজাপুরে রাতের আঁধারে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর ও শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার সীমান্তবর্তী হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির মালিক মো. নাদিম মাহমুদ মৃধা। তিনি সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মৃত আবুল বাশার মৃধার ছেলে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম তার সুজুকি জিক্সার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৪২-১৮৯১) খালের এপারে রেখে সাঁকো পার হয়ে বাড়িতে যান। কিছুক্ষণ পর তার মা হেলেনা বেগম খালের ওপারের রাস্তায় আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। পরে নাদিম ও তার মা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন জ্বলতে দেখেন। তারা খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মোটরসাইকেলটির বেশিরভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
কে বা কারা মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি নাদিম ও তার মা।
রাজাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, এ ঘটনায় মোটরসাইকেলটির মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই