বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলোপাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজার কার্যক্রম। অস্ত্রোপচার কক্ষ (ওটি) প্রস্তুত থাকলেও সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকায় গর্ভবতী নারীরা সিজার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বিশেষ করে নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের প্রসূতিরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক ও কনসালট্যান্টসহ অনুমোদিত ৩৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৭ জন। ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের মধ্যে আটটিই দীর্ঘদিন ধরে শূন্য। পদগুলো হলো মেডিসিন, নাক-কান-গলা, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, চক্ষু, চর্ম ও যৌন রোগ এবং অ্যানেস্থেসিয়া বিভাগ।
জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) এবং শিশু বিভাগে চিকিৎসক কর্মরত আছেন। অন্যদিকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট প্রেষণে পাবনা সদর হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ২১টি অনুমোদিত মেডিকেল অফিসার পদের বিপরীতে কর্মরত আছেন ১৩ জন। তাদের মধ্যে তিনজন প্রেষণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা জেনারেল হাসপাতাল ও নগরবাড়ি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। এর মধ্যে দুজন সিনিয়র স্টাফ নার্সও প্রেষণে অন্যত্র কর্মরত।
বেড়া পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটির জনসংখ্যা তিন লাখের বেশি। ভৌগোলিক অবস্থানের কারণে পাশের সাঁথিয়া, সুজানগর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার রোগীরাও এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ফলে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ৮০০ থেকে ৯০০ রোগী এবং জরুরি বিভাগে শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। অথচ বহির্বিভাগে প্রতিদিন মাত্র তিন থেকে চারজন চিকিৎসক রোগী দেখেন। ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় রোগীদের। এতে বেশি দুর্ভোগে পড়েন গুরুতর অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা। অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিলন মাহমুদ বলেন, প্রতিদিন বেড়াসহ আশপাশের চার উপজেলার আট থেকে নয়শ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিতে হয়। রোগীদের প্রয়োজনীয় ওষুধের মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ হাসপাতাল থেকে সরবরাহ করা সম্ভব হয়। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়।
গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে হাসপাতালে কথা হয় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামের বাসিন্দা শাইলা বেগমের সঙ্গে। তিনি বলেন, চিকিৎসক তাকে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বলেছেন। রক্তের নমুনা দিলেও শৌচাগারের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেখানে প্রস্রাবের নমুনা সংগ্রহ করতে পারেননি। পরে তাকে দোতলার মহিলা ওয়ার্ডে গিয়ে নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।
শাইলা বেগম বলেন, আমি নিজেই অসুস্থ, তারপরও বাধ্য হয়ে দোতলায় যেতে হচ্ছে।’ হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, তিনি সম্প্রতি এ কর্মস্থলে যোগ দিয়েছেন। ফিল্মের অভাবে এক্স-রে কার্যক্রম বন্ধ রয়েছে। ওটি প্রস্তুত থাকলেও জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ও অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় সিজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে গর্ভবতী নারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিদিন বহির্বিভাগে তিন থেকে চারজন চিকিৎসক রোগী দেখছেন। রোগীর চাপ বেড়ে গেলে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। শূন্য পদ পূরণের বিষয়ে আগের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
হাসপাতালের পরীক্ষাগার, শৌচাগারসহ অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথাও স্বীকার করেন তিনি। রোগীদের ব্যবহারের শৌচাগারগুলো দ্রুত মেরামত এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সময়ের আলো/জোই