তিন লাখ টাকার পুঁজিতে সাত লাখের খামার, স্বপ্ন দেখছেন লাবলু

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর)

সারাদেশ

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। পুঁজি বলতে ছিল ধারদেনা করে জোগাড় করা তিন লাখ টাকা। সেই সামান্য

2026-11-09T10:58:43+00:00
2026-11-09T10:58:43+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
তিন লাখ টাকার পুঁজিতে সাত লাখের খামার, স্বপ্ন দেখছেন লাবলু
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম 
মো. লাবলু মাদবর। ছবি : সময়ের আলো
অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু। পুঁজি বলতে ছিল ধারদেনা করে জোগাড় করা তিন লাখ টাকা। সেই সামান্য বিনিয়োগেই টার্কি মুরগির খামার গড়ে এখন আশার আলো দেখছেন মাদারীপুরের শিবচর পৌরসভার যুবক মো. লাবলু মাদবর। কয়েক মাসের ব্যবধানে তার খামারে গড়ে উঠেছে প্রায় সাত লাখ টাকা মূল্যের মুরগির সংগ্রহ। শুরু হয়েছে ডিম উৎপাদন, মুরগি বিক্রি করেও আয় করেছেন প্রায় এক লাখ টাকা। ছোট্ট এই উদ্যোগকে ঘিরেই এখন বড় স্বপ্ন বুনছেন তিনি।

শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার বাসিন্দা লাবলু মাদবর। স্ত্রী প্রিয়া আক্তার ও দুই সন্তান নিয়ে তার সংসার। বাজারে ছোট একটি টেইলার্সের দোকান চালিয়ে যে আয় হতো, তা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করতে বেশ হিমশিম খেতে হতো তাকে। পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে বিকল্প আয়ের পথ খুঁজছিলেন লাবলু। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খামারের ভিডিও দেখে টার্কি মুরগি পালনে আগ্রহী হয়ে ওঠেন। সেই আগ্রহ থেকেই গত এপ্রিল মাসে বাড়ির পাশের অব্যবহৃত অল্প জায়গায় শুরু করেন খামার গড়ার কাজ।

খামার নির্মাণ, মুরগির বাচ্চা কেনা ও অন্যান্য প্রাথমিক খরচ মেটাতে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা বিনিয়োগ করেন তিনি। নতুন উদ্যোগে ঝুঁকি থাকলেও পিছিয়ে যাননি। নিজের শ্রম ও পরিবারের সদস্যদের সহযোগিতায় ধীরে ধীরে সাজিয়ে তোলেন খামারটি।

বর্তমানে তার খামারে রয়েছে ৩০০টি টার্কি মুরগি ও ২০টি তিতির পাখি। সব মিলিয়ে খামারে থাকা মুরগিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা। এরই মধ্যে ডিম দিতে শুরু করেছে টার্কি মুরগিগুলো। পাশাপাশি মুরগি বিক্রি করে এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকা আয় করেছেন লাবলু। এতে তাঁর উদ্যোগের প্রতি বেড়েছে আত্মবিশ্বাস, তৈরি হয়েছে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যাশা।

লাবলু মাদবর বলেন, একসময় টেইলার্সের দোকানের আয় দিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হতো। পরিবারের কথা চিন্তা করেই বাড়তি আয়ের একটি পথ খুঁজছিলাম। বিভিন্ন খামারের ভিডিও দেখে টার্কি মুরগি পালনের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা নিয়ে খামার শুরু করি। প্রথম দিকে কিছুটা ভয় ও দুশ্চিন্তা ছিল। কারণ, এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা ছিল না। তবে ধীরে ধীরে অনেক কিছু শিখেছি। এখন খামারে মুরগির সংখ্যা বেড়েছে, ডিমও পাওয়া যাচ্ছে। মুরগি বিক্রি করেও আয় হয়েছে। সব মিলিয়ে এখন অনেকটাই আশাবাদী।

তিনি আরও বলেন, আমার স্ত্রীও খামারের কাজে অনেক সহযোগিতা করে। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি মুরগির খাবার দেওয়া ও পরিচর্যায় সে সময় দেয়। আমাদের দুজনের পরিশ্রমেই খামারটি এগিয়ে যাচ্ছে। আমি চাই, এই খামারটিকে আরও বড় করতে। শুধু নিজের পরিবারের স্বচ্ছলতা নয়, ভবিষ্যতে যেন অন্য মানুষেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, সেই স্বপ্ন দেখি। তবে খামার সম্প্রসারণের জন্য আরও পুঁজির প্রয়োজন। সরকারিভাবে সহজ শর্তে ঋণ বা আর্থিক সহযোগিতা পেলে উদ্যোগটি আরও বড় করতে পারব।


লাবলুর এই পথচলায় পাশে রয়েছেন স্ত্রী প্রিয়া আক্তার। তার মতে, পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনে খামারটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে স্বামীর সঙ্গে মিলে খামারটিকে আরও এগিয়ে নিতে চান তিনিও।

খামারটির বিষয়ে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। লাবলুর উদ্যোগ দেখে প্রতিবেশীদের কেউ কেউ নিজেরাও টার্কি মুরগি পালনের কথা ভাবছেন। তাদের মতে, স্বল্প পরিসরে শুরু করা এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারে।

এদিকে লাবলুর খামারটি নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়ে সহযোগিতা করছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, টার্কি মুরগি পালন একটি সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক নিয়মে পরিচর্যা, মানসম্মত খাবার সরবরাহ এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলে এ খাতে ভালো করার সুযোগ রয়েছে। লাবলু মাদবরের খামারটি প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। খামারের মুরগির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তারা খামার গড়ে তুলতে আগ্রহী হলে তাদেরও কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বাড়াতে ভূমিকা রাখতে পারে।

নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান লাবলু। প্রয়োজনীয় পুঁজি ও সরকারি সহযোগিতা পেলে তাঁর ছোট্ট খামারটি একদিন বড় পরিসরের উদ্যোগে পরিণত হবে—এমন প্রত্যাশা তার।

সময়ের আলো/জোই
  বিষয়:   পুঁজি  খামার  স্বপ্ন  লাবলু  অভাবের সংসার  স্বচ্ছলতা  শিবচর  মাদারীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: