আমির হামজার বক্তব্যের প্রতিবাদ, মাহফিল স্থগিতের কারণ জানাল আয়োজক কমিটিজামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজক কমিটি। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে কমিটি। তাদের ভাষ্য, আয়োজকদের নিজস্ব সিদ্ধান্তেই মাহফিল স্থগিত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মাহফিল স্থগিতের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যরা।
ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা। তিনি জানান, মাদরাসাটির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিল গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়।
তিনি বলেন, গত ১ নভেম্বর মাহফিল বাস্তবায়ন কমিটির সভায় স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একই দিন প্রধান আলোচক মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারীকেও মাহফিল স্থগিতের বিষয়টি অবহিত করা হয়। পরবর্তী তারিখ সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে।
সোহেল রানা আরও বলেন, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন কিংবা বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা নেই। সম্পূর্ণ আয়োজক কমিটির নিজস্ব সিদ্ধান্তেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। কারও ইন্ধনে প্রভাবিত হয়ে তিনি এমন অভিযোগ করেছেন বলে মনে করছেন তারা।
আয়োজক কমিটির আরেক সদস্য হাফেজ মো. সাইফুল ইসলাম বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাহফিলের সঙ্গে ইঞ্জিনিয়ার ইকবালকে জড়িয়ে রাজনৈতিক কারণে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত বলে দাবি করে তিনি বলেন, প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবেন।
শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সহসভাপতি বাহার উদ্দিন দুদু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনকে এ ঘটনায় জড়ানো হয়েছে। বিএনপিকে হেয় করতে একটি গোষ্ঠীর ইন্ধনে পরিকল্পিতভাবে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনকে মৌখিকভাবে মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। এরপরও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল। তিনি বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনকে জড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য সম্পূর্ণ কাল্পনিক ও বানোয়াট। রাজনৈতিক উদ্দেশ্যে এবং বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আয়োজক কমিটি ২ নভেম্বরই মাহফিল স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল স্থগিতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়। আয়োজক কমিটি নিজেদের সিদ্ধান্তে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মাহফিল স্থগিতের বিষয়টি জানিয়েছিল।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া বাবা-মায়ের দোয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত একটি ইসলামি মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সেখানে শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের বিষয়ে তিনি অভিযোগ তোলেন। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
সময়ের আলো/জোই