প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম
ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার সাতজন। ছবি : সময়ের আলোঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলাটি করা হয়। এতে ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। ঘটনার পর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০) ও শহিদুল ইসলাম (২৮)।
এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।
সময়ের আলো/জোই