প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম
নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের মতবিনিময় সভা। সময়ের আলো আগামী বছর থেকে রাজশাহী সিটি করপোরেশনের সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে। নিয়মিত কর প্রদানকারীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার উদ্যোগ হিসেবে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতায় রাজশাহীতে আরো পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভায় সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। সভায় রাসিকের রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই