১৫০ টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে নেশা করার জন্য স্ত্রীর কাছে ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। এর জেরে শাপলা

2026-11-09T13:33:48+00:00
2026-11-09T13:33:48+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৫০ টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, গৃহবধূর মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম 
বদলগাছী থানা। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে নেশা করার জন্য স্ত্রীর কাছে ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। এর জেরে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তার স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে। তাদের সাত বছর বয়সী অন্তর নামে একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন ও শাপলার বিয়ে হয়। শুরুতে দুজনই কাজ করে সংসার চালাতেন। তবে স্থানীয়দের অভিযোগ, গত দেড় বছর ধরে মিঠন নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি নিজেও চোলাই মদ তৈরি করতেন বলে জানা গেছে। নেশায় জড়িয়ে কাজকর্ম ছেড়ে দেওয়ায় সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন নেশা করার জন্য শাপলার কাছে ১৫০ টাকা চান মিঠন। স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে মিঠন শাপলাকে ঘরে ঢুকতে দেননি। পরে অভিমান করে শাপলা বাড়ির বাইরে চলে যান। একপর্যায়ে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।


দুপুর সোয়া ২টার দিকে তাদের ছেলে অন্তর মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। পরে মিঠন এসে রশি কেটে শাপলাকে নিচে নামান। বিকেল ৩টার দিকে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে অভিযোগ করেন, শাপলাকে তার স্বামী নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনেরা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ৩৬ নম্বর অপমৃত্যু মামলা হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ১৫০ টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ  গৃহবধূর মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: