সৌদিতে প্রবাসী নিহতে উদ্বিগ্ন সরকার

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ

2026-03-10T02:42:37+00:00
2026-03-10T02:42:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সৌদিতে প্রবাসী নিহতে উদ্বিগ্ন সরকার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪২ এএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করে। অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সোমবার এ তথ্য জানান। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের ক্রমাগত প্রাণহানি অত্যন্ত উদ্বেগের বিষয়। ওপরের ঘটনায় নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে গেছেন। নিহতদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই ধরনের সব হামলার তীব্র নিন্দা জানায়, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। এ পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। 

সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক সোমবার বলেন, চলমান যুদ্ধে নিহত ৪ বাংলাদেশির মধ্যে  একজন বাহরাইন, একজন দুবাই এবং দুজন সৌদি আরবে নিহত হন। আমরা সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছি। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থাও চলছে। মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে ফ্লাইট স্থগিত রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া যাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর মরদেহ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে গ্রহণ করা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার বিকালে নিহতের গ্রামের বাড়িতে দাফন কাফনে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চলমান যুদ্ধে এ পর্যন্ত চারজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে আহম্মেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। বাকি তিনজন প্রবাসীর মরদেহও বিদেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে দেশে আনা হবে। 

যুদ্ধ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ক্রাইসিস টিম গঠন করা হয়েছে। এ টিমের মাধ্যমে যুদ্ধের কারণে যারা ঘর থেকে বের হতে পারছেন না তাদের খাদ্য সহায়তা এবং আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির আশপাশে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সংকট মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রবাসীদের জন্য যা যা করা প্রয়োজন সরকার তা করবে। লেবাননেও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   সৌদি  প্রবাসী  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: