এখনও সেই ভাগবাটোয়ারাই চলছে

মোখলেছুর রহমান ধনু, কমলনগর

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগীরা

2026-03-11T05:16:42+00:00
2026-03-11T05:16:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এখনও সেই ভাগবাটোয়ারাই চলছে
মোখলেছুর রহমান ধনু, কমলনগর
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৬ এএম 
ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। 
ভুক্তভোগীরা বলছেন, সরকারি নীতিমালায় স্বচ্ছ প্রক্রিয়ায় তালিকা প্রণয়নের স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে চলছে সেই পুরোনো ‘ভাগ-বাটোয়ারা’ পদ্ধতি। 

স্থানীয়দের মতে, প্রশাসনে পরিবর্তনের পর সুষ্ঠু বণ্টনের আশা  থাকলেও বর্তমানে অবস্থা দাঁড়িয়েছে ‘যেই লাউ সেই কদু’।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, এখানে ভাগবাটোয়ারার কোনো সুযোগ নেই। তালিকা আমার কাছে আসলে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে কমলনগরের ৯টি ইউনিয়নের জন্য মোট ৪৫ হাজার ২১১টি কার্ডের বিপরীতে ৪৫২ দশমিক ১১০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী,

প্রতিটি দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করতে হবে। একই পরিবারে একাধিক কার্ড দেওয়া যাবে না। প্রকাশ্য সভায় অতিদরিদ্র, ভূমিহীন ও দুস্থদের উপস্থিতিতে তালিকা চূড়ান্ত করতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে, সরকারি এই নির্দেশনা কেবল কাগজেই সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা নিজেদের খেয়াল-খুশিমতো কার্ড ভাগ করে নিচ্ছেন।

এ বিষয়ে চর কাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, তিনি ১৩০০ নামের তালিকা রাজনৈতিক দলকে দিয়েছেন। 

অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রহিম মেম্বার জানান, সাধারণ প্রক্রিয়ায় নাম নেওয়ার সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে তাকে এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ইতি বেগমকে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যান্য ইউনিয়নের চিত্রও প্রায় একই। অনেক ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয় দলীয় নেতাদের সন্তুষ্ট করতে ১ হাজার থেকে ২ হাজার কার্ড আগাম দিয়ে দিয়েছেন। নীতিমালার ৫ ও ৬ নম্বর শর্তানুযায়ী ভূমিহীন, দিনমজুর বা নারী শ্রমিকের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও দলীয় প্রভাবে প্রকৃত বঞ্চিতরা বরাদ্দের বাইরে থেকে যাওয়ার আশঙ্কায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ট্যাগ অফিসার এবং উপজেলা প্রশাসন যদি কঠোর তদারকি না করে তবে সরকারের এই মানবিক সহায়তা প্রকৃত গরিবের ঘরে পৌঁছাবে না। লোকদেখানো তালিকার আড়ালে সুবিধাবঞ্চিতদের হক অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে।


  বিষয়:   লক্ষ্মীপুর  কমলনগর  পবিত্র  ঈদুল  ফিতর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: