ভাগ্য নির্ধারণে বিশেষ কমিটিতে যাচ্ছে ১৩৩ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করছে ত্রয়োদশ জাতীয় সংসদ।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাওয়া

2026-03-12T10:52:30+00:00
2026-03-12T10:52:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
সংসদের প্রথম অধিবেশন
ভাগ্য নির্ধারণে বিশেষ কমিটিতে যাচ্ছে ১৩৩ অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৫২ এএম 
ফাইল ছবি
দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করছে ত্রয়োদশ জাতীয় সংসদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হতে যাওয়া প্রথম অধিবেশনেই গুরুত্বপূর্ণ আইনগত ও রাজনৈতিক কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আভাস পাওয়া গেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, এসব অধ্যাদেশ সরাসরি পাস বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হতে পারে। সেখানে যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী সংশোধন, অনুমোদন বা বাতিলের সুপারিশ করা হবে।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এবারই প্রথম স্পিকারের আসন শূন্য রেখেই সংসদের অধিবেশন শুরু হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পালাবদলের ঘটনায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। আর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন।

সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তার আহ্বানে বিধি অনুযায়ী একজন সংসদ সদস্য অস্থায়ী সভাপতির দায়িত্ব নেবেন। তার অধীনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রথম অধিবেশনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
আরও পড়ুন

অধিবেশনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। বিরোধী দলগুলোর দাবি, গণভোটে অনুমোদিত এই সনদ পুরোপুরি কার্যকর করতে হবে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংসদের উচ্চকক্ষ গঠন এবং সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদে উল্লেখ আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। তবে তারা শুধু একটি পদ নয়, পুরো সংস্কার প্যাকেজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। এরপর অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দেন ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবিধান অনুযায়ী নির্বাচনের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান করেন রাষ্ট্রপতি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের প্রথম অধিবেশনেই আইন ও রাষ্ট্রীয় কাঠামো সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে।

এএডি/

  বিষয়:   ভাগ্য  নির্ধারণ  কমিটি  অধ্যাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: