ঈদের আমেজ এখনো শুরু হয়নি, অথচ ঢাকাই সিনেমার অঘোষিত সম্রাট শাকিব খান যেন এখনই উৎসবের রং পাল্টে দিলেন! ১২ই মার্চ দুপুরে যখন পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়া সোশ্যাল মিডিয়ায় ‘প্রিন্স’ সিনেমার ১ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি অবমুক্ত করলেন, মুহূর্তেই তা ইন্টারনেটে টর্নেডো বইয়ে দিল। শাকিব ভক্তদের উন্মাদনায় যেন ওলটপালট হয়ে গেল বিগত সব সিনেমার রেকর্ড।
নব্বই দশকের ঢাকার অন্ধকার জগত আর ক্ষমতার লড়াইয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমায় শাকিব হাজির হয়েছেন এক বিধ্বংসী ‘গ্যাংস্টার প্রিন্স’ লুকে। ট্রেলারে তার স্টাইলিশ উপস্থিতি আর দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের চোখ কপালে তুললেও, আসল ম্যাজিক ছিল তার একটি সংলাপে। শাকিবকে বলতে শোনা যায়ম, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর জন্য বুলেটের বৃষ্টি!’ এমন কড়া হুশিয়ারি আর রাজকীয় দাপট জানান দিচ্ছে, এবারের ঈদ বাজারে অন্য সবার জন্য আবহাওয়া বেশ উত্তপ্ত হতে যাচ্ছে।
আরও পড়ুন
পরিচালক আবু হায়াত মাহমুদের এই বিগ বাজেটের প্রজেক্টে শাকিবের সঙ্গী হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তুখোড় অভিনেতা ইন্তেখাব দিনার এবং ওপার বাংলার শক্তিশালী শিল্পী দিব্যেন্দু ভট্টাচার্য। ট্রেলারের প্রতিটি ফ্রেম আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বলছে, এবার আর শুধু গল্প নয়, পর্দায় দাপট দেখাবে পিওর অ্যাকশন আর নস্টালজিয়া। এবার ঈদে যে সিনেমা হলে শাকিবিয়ানদের জয়ধ্বনি আর রেকর্ডের নতুন গল্প লেখা হবে, ‘প্রিন্স’-এর এই এক ঝলকই তার প্রমাণ!
এএডি/