ইরাকের বসরা প্রদেশের উম্ম কাসর বন্দরে তেলবোঝাই ২টি ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকায় হামলার পর দেশটির সব তেল টার্মিনালের কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তেলের কার্যক্রম বন্ধ থাকলেও বাণিজ্যিক বন্দরগুলো আপাতত স্বাভাবিকভাবে কাজ করছে।
মূলত ট্যাঙ্কারে হামলার ঘটনার পর নিরাপত্তাঝুঁকি এড়াতেই দেশটির রাষ্ট্রীয় সংস্থা এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি।
একই সময়ে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-কায়েমে ইরানপন্থি আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদর দপ্তরে এক ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এর আগে ওই বাহিনীর ওপর চালানো পৃথক হামলায় ৩ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আঞ্চলিক এই সংঘাতের রেশ ধরে ইরাকজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনাও বাড়ছে।
‘সারায়া আউলিয়া আল-দাম’ নামক একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে, তারা গত কয়েকদিনে ইরাকের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে সাতটি পৃথক হামলা চালিয়েছে।
তেল সরবরাহ বন্ধ হওয়া এবং সামরিক ঘাঁটিগুলোতে এই ধারাবাহিক হামলার ফলে পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
সময়ের আলো/আরবিএন