পাহাড়ি ঝিরির বালু-পাথরে গড়ে উঠেছে সিসি ব্লকের কারখানা

মনিরুল ইসলাম মনির, শেরপুর

সারাদেশ

শেরপুরের গারো পাহাড়ের গহিনে বন্য হাতির অভয়ারণ্য এলাকায় পাহাড়ি ঝিরির বালু ও নুড়ি পাথর ব্যবহার করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে

2026-03-12T22:19:37+00:00
2026-03-12T22:19:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাহাড়ি ঝিরির বালু-পাথরে গড়ে উঠেছে সিসি ব্লকের কারখানা
মনিরুল ইসলাম মনির, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:১৯ পিএম 
ঝিরির বালু ও নুড়ি পাথর ব্যবহার করে তৈরি করা সিসি ব্লক। ছবি : সময়ের আলো/আআ
শেরপুরের গারো পাহাড়ের গহিনে বন্য হাতির অভয়ারণ্য এলাকায় পাহাড়ি ঝিরির বালু ও নুড়ি পাথর ব্যবহার করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিসি ব্লকের কারখানা। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের স্থানীয় দুই ইউপি সদস্য ব্লক তৈরির এ কারখানা চালু করলেও বিষয়টি জানে না বলে জানিয়েছে বন বিভাগ।

জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের সর্বোত্তরে ভারতঘেঁষা অংশ কোনাবাড়ি বড়খোল। পাহাড়ের গহিনে অংশটি বন্য হাতির অবাধ বিচরণ ক্ষেত্র। ফলে গরু চড়াতে আসা রাখাল আর লাকড়ি সংগ্রহে যাওয়া কাঠুরে ছাড়া কারও আনাগোনা খুব একটা নেই এখানে। এ কারণে স্থানটি বন্যপ্রাণী ও চোরাকারবারিদের অভয়ারণ্য বললেই চলে। 

চলতি রমজান মাসের শুরুতে এ স্থানে থাকা রঞ্জণা ঝরনা নামে পাহাড়ি ঝিরি থেকে উত্তোলিত বালু, নুড়ি আর সঙ্গে পাথর দিয়ে এখানে গড়ে তোলা হয়েছে সিসি ব্লক তৈরির কারখানা।

স্থানীয় সূত্র জানায়, বর্তমানে উপজেলা নদী দুটির বালু মহালগুলো বন্ধ থাকায় স্থানীয় বালু পরিবহন নিষিদ্ধ। এর ফলে পাহাড়ের গহিনে থাকা রঞ্জণা ঝরনার বালু, নুড়ি ও সিঙ্গেস পাথর বিক্রি এবং পরিবহন করতে পারছেন না উত্তোলনকারীরা। আর এ সুযোগেই গহিন পাহাড়ে সিসি ব্লক তৈরি করে অভিনব কৌশলে বালু ও পাথর বিক্রির উপায় বের করেছেন স্থানীয় ইউপি সদস্য নবী হোসেন ও ওমর ফারুক। ৫ আগস্ট পরবর্তী সময়ে ঝিরি থেকে তোলে রাখা বালু, নুড়ি ও সিঙ্গেস পাথর ব্যবহার করে তৈরি করা হচ্ছে সিসি ব্লক।

বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য ওইসব ব্লক তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ওমর ফারুক জানান, নিজের পুকুর পাড়ে ব্লক বসিয়ে মেরামতের জন্য এসব ব্লক তৈরি করেছি। এখন বেআইনি হলে তো কিছুই করার নেই। যা হবার হবে। 

বন বিভাগের মধুটিলা বিট কর্মকর্তা কাউসার আহম্মেদ জানান, ওই স্থানে আমাদের খুব একটা যাতায়াত নেই। ফলে বিষয়টি জানা ছিল না। তবে কয়েক দিন আগে এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে ব্লক তৈরির কার্যক্রম বন্ধ করে সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, আগে থেকে উত্তোলন করে রাখা বালু ও পাথর দিয়ে নিজেদের জায়গায় তারা ব্লক তৈরি করছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটি আইনসিদ্ধ কিনা তা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই/আআ


  বিষয়:   পাহাড়  ঝিরি  বালু  পাথর  সিসি  ব্লক  কারখানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: