ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার দক্ষিণ খান মাটির মসজিদ এলাকার মোনায়েম খান (৪০) ও তার স্ত্রী জোসনা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইক যোগে (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪) ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাওয়ার পথে যাচ্ছিলেন নিহত মোনায়েম খান ও তার স্ত্রী জোসনা আক্তার। পথে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫) সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ওই দম্পতি গুরুতর আহত হন। স্থানীয় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারা যায়। তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফআর