ফেনীতে উচ্চশিক্ষিত এক যুবক ইউটিউব থেকে কারিগরি কৌশল রপ্ত করে জাল টাকা তৈরির অপরাধে জড়িয়ে পড়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রানীরহাট এলাকা থেকে ফারুক আহমেদ ভুইয়া নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাকে জাল টাকাসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫,৬২০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ফারুক জানান যে, তিনি দাগনভূঁঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারে একটি কম্পিউটার দোকানের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে আসছিলেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঁঞার রাজাপুরে তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমপরিমাণ ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট উদ্ধার করা হয়।
এছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ-ফোর সাইজের কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ জাল নোট তৈরিতে ব্যবহৃত ডালডা ঘি উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, ফারুক ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষ করার পর গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিলেন। এই কারিগরি জ্ঞান ব্যবহার করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানিয়েছেন, অল্প সময়ে অধিক লাভের আশায় এই অপরাধে জড়িয়ে পড়া ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন