ভাঙন প্রতিরোধে মেঘনায় ৮০০ কোটির বাঁধ

শরীফুল ইসলাম, চাঁদপুর

সারাদেশ

আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনার ভাঙন প্রতিরোধে চাঁদপুর শহর সংরক্ষণের জন্য নেওয়া হয় সাড়ে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প।

2026-03-15T06:03:32+00:00
2026-03-15T06:03:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙন প্রতিরোধে মেঘনায় ৮০০ কোটির বাঁধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৬:০৩ এএম 
চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায় শহর রক্ষা বাঁধে ব্লক দিয়ে ডাম্পিং করা হচ্ছে। ছবি : সময়ের আলো
আওয়ামী লীগ সরকারের আমলে মেঘনার ভাঙন প্রতিরোধে চাঁদপুর শহর সংরক্ষণের জন্য নেওয়া হয় সাড়ে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প। কিন্তু সেটি অর্থ সংকটে ভেস্তে যায়। 

সর্বশেষ ২০২৪ সালের শুরুতে শহর সংরক্ষণ প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৮১৫.৬৫ কোটি টাকা। ৩.২২৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এই বাঁধ নির্মাণকাজ এখন চলমান। ভাঙনকবলিত ক্ষতিগ্রস্ত লোকদের দাবি দুর্নীতির আশ্রয় না নিয়ে সরকারের নিয়োগকৃত সংস্থা যেন নির্মাণকাজের সঠিক বাস্তবায়ন করে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন ২০২৭ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে। 

মেঘনা পাড়ের নতুন বাজার ও পুরান বাজার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর শহর রক্ষা বাঁধের অতিঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা বড় স্টেশন মোলহেড এবং পুরান বাজার বাণিজ্যিক এলাকা থেকে হরিসভা পর্যন্ত। এসব এলাকায় প্রায় প্রতি বছর বর্ষা মৌসুম এবং পানি কমে গেলে বাঁধে ভাঙন ও ফাটল দেখা দেয়। এমন পরিস্থিতি থেকে নির্দিষ্ট সময়ের জন্য হলেও একটি শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের।

চাঁদপুর সদরের পুরান বাজার হরিসভা এলাকার বাসিন্দা সবিতা রানী বলেন, আমি নিজেই এই এলাকায় তিনবার মেঘনার ভাঙন দেখেছি। সবকিছু হারিয়ে এখন রাস্তার পাশে ছিন্নমূল হিসেবে বসবাস করছি। বাঁধ যেন সঠিকভাবে দেওয়া হয় এবং কাজে যেন দুর্নীতি না করা হয় সরকারের কাছে তিনি এই দাবি জানান।

পাশের আরেক বাসিন্দা মর্জিনা বেগম বলেন, বর্ষা আসলেই ভাঙন শুরু হয়। তখন কিছুটা সংস্কার হলেও ভাঙনের ভয়ে আমরা রাতে ঘুমাতে পারি না। এখন বাঁধের কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের ঠাঁই হবে। পুরান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, প্রায় ৩০ বছর আগে থেকে এই এলাকায় মেঘনার ভাঙন শুরু হয়। কয়েক কিলোমিটার পশ্চিমে আমাদের বসতি ছিল। এখন ব্লকের কাজ সঠিকভাবে সম্পন্ন হলে হয়তো বসবাসের সম্ভাবনা তৈরি হবে।

ভাঙনের শিকার হয়ে বেশ কয়েকটি পরিবার ছিন্নমূল। এর মধ্যে প্রায় ৭০ বছর বয়সি ভুলু ঋষির সঙ্গে কথা হয়। তিনি বলেন, ভাঙনে আমি সব হারিয়েছি। সামর্থ্য নেই কোথাও জমি কিনে বাড়ি করার। যে কারণে সড়কের পাশে বসবাস করছি। ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে। সরকারের প্রয়োজনে এখান থেকে সরে অন্য জায়গায় চলে যেতে হবে। তবে ছিন্নমূলদের জন্য আবাসনের ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি।

শহর সংরক্ষণ প্রকল্পে ১৯টি প্যাকেজে কাজ চলমান। জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করার পর এখন চলছে ব্লক ডাম্পিংয়ের কাজ। আর এই ব্লক তৈরিতে সনাতন পদ্ধতির পাশাপাশি এবার আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ব্লক। প্রকল্পের পুরান বাজার জাফরাবাদ নদীর পাড়ে অটোমেটিক মেশিনে তৈরি হচ্ছে ব্লক।


ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসকে এমদাদুল হক আল মামুনের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী সুদীপ্ত গুন বলেন, শহর সংরক্ষণ প্রকল্পের অনেকগুলো প্যাকেজে কাজ হচ্ছে। এর মধ্যে অনেকেই সনাতনী পদ্ধতিতে ব্লক তৈরি করছেন। কিন্তু আমরা এই প্রথম বিদেশ থেকে আমদানিকৃত অটোমেটিক মেশিনে ব্লক তৈরি করছি। এতে খুবই নিখুঁতভাবে ব্লক তৈরি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের চাহিদাও পূরণ হচ্ছে। আমাদের পাশাপাশি এই কাজের তত্ত্বাবধান করছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক বলেন, শহর সংরক্ষণ প্রকল্পটি চাঁদপুরের মানুষের জন্য অনেক প্রত্যাশিত। ২০২৪ সালের জুন মাসে আমরা এই কাজ শুরু করেছি। ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শেষে ব্লক ডাম্পিং চলছে। কাজের প্রায় ২৫ ভাগ শেষ হয়েছে। 

আশা করি ব্লক প্লেসিংয়ের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হবে। প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার ৫ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা হবে। কাজের বিষয়ে জেলা প্রশাসনসহ অংশীজনদের নিয়ে নিয়মিত সমন্বয় করা হয়। 
বাঁধের পাশের ছিন্নমূল পরিবার সম্পর্কে তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে পুরান বাজার এলাকায় কিছু পরিবারকে বাঁধের ওপর বসবাস করতে দেখেছি। তারা না থাকলে কাজটি সুন্দরভাবে করা সম্ভব হবে। আমরা উচ্ছেদ করলেও এটি জেলা প্রশাসকের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। 

এফআর


  বিষয়:   চাঁদপুর  ভাঙন  প্রতিরোধ  মেঘনা  কোটি  বাঁধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: