স্পিকারকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করে দুঃখপ্রকাশ করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘মাননীয় স্পিকার’ সম্বোধনের পরিবর্তে ভুলবশত ‘মাই লর্ড’ বলে ফেলেন

2026-03-15T14:19:46+00:00
2026-03-15T14:19:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
স্পিকারকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করে দুঃখপ্রকাশ করলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ১০৬)
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘মাননীয় স্পিকার’ সম্বোধনের পরিবর্তে ভুলবশত ‘মাই লর্ড’ বলে ফেলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। রোববার (১৫ মার্চ) সংসদ কক্ষে এক হাস্যরসের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে নিজের ভুল বুঝতে পেরে তিনি সংসদীয় আদব অনুযায়ী দুঃখপ্রকাশ করেন।

অধিবেশনের শুরুতে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল প্রশ্নের উত্তর দিতে দাঁড়ান। পেশায় আইনজীবী পুতুল উত্তরের শুরুতেই স্পিকারকে সম্বোধন করতে গিয়ে দু-একবার আদালতের মতো ‘মাই লর্ড’ বলে ফেলেন। পরে একটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে দাঁড়িয়ে তিনি সহাস্যে বলেন, ‘আমি পেশায় আইনজীবী, ওকালতি করি, অভ্যাসবশত মুখ দিয়ে ‘মাই লর্ড’ চলে এসেছে। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সংসদে প্রথমবার এমপি এবং প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও তার সাবলীল ও প্রাণবন্ত উত্তর প্রদান সংসদ সদস্যদের দৃষ্টি কেড়েছে। সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এবং জামায়াতের শাহজাহান চৌধুরী, গাজী নজরুল ইসলাম ও মো. আতাউর রহমানের বিভিন্ন কড়া সম্পূরক প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রদান করেন।


রোববার সকাল ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে (তবে রোববার অধিবেশন সকাল ১১টায় শুরু হয়েছিল)। অধিবেশনের মূল আকর্ষণ হিসেবে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে, যার সূচনা হয়েছে আজ রোববার থেকেই।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদীয় কার্যক্রম পুরোদমে গতিশীল হতে শুরু করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্পিকার  দুঃখপ্রকাশ  প্রতিমন্ত্রী  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: