পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১১ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। এ সময় ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এই বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্দর দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত যথারীতি সচল থাকবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ছুটির এই সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২৮ মার্চ সকাল থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস।
তিনি বলেন, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা বৈধ ভিসা নিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন সেবা সার্বক্ষণিক চালু থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনার সিদ্ধান্ত ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই দীর্ঘ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময়ে পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও খালাস বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
এফআর