দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ প্রদান করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি ছুটি চললেও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসকদের প্রতিও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তাদের কাছে থাকা স্থানীয় তহবিল ব্যবহার করে দুর্গত এলাকার মানুষের জন্য জরুরি সাহায্য নিশ্চিত করা হয়।