ঈদুল ফিতরের ভিন্ন ভিন্ন তারিখ নিশ্চিত করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। যেহেতু উভয় দেশই আরবি মাস শুরুর তারিখ নির্ধারণে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর নির্ভর করে।
তুরস্ক ঘোষণা করেছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
দেশটির গণনা অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) তুরস্ক এবং এর আশেপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ (Moon of Shawwal) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।
আরও বলা হয়, দেশটি চাঁদ দেখার উপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।
গালফ নিউজের প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় চাঁদের ছবি তোলা হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।
প্রকাশিত তথ্যে বলা হয়, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। যা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ।
সময়ের আলো/এআর