ঈদে ৩ দিনব্যাপী তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ রাতাড্ডা প্রচারিত হবে। প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও দেশের সবচেয়ে পুরোনো পডকাস্ট শো নিয়ে হাজির হবেন ঈদের তিন তারকা অতিথি।
ঈদের দিন অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, ঈদের দ্বিতীয় দিন থাকছেন অভিনেত্রী দীপা খন্দকার ও ঈদের তৃতীয় দিন থাকবেন কণ্ঠশিল্পী দোলা রহমান।
মূলত ঈদ স্পেশাল রাত আড্ডায় শোবিজের তিন অঙ্গনের তারকারা নানান বিষয়ে কথা বলবেন। এবারের ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অন্যতম চরিত্রে কাজ করেছেন জাকিয়া বারী মম। তিনি কথা বলেছেন ঈদের ছবি, তার সমকালীন ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের নানা অনুষঙ্গ নিয়ে।
ঈদের দ্বিতীয় দিন থাকবেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্পের অন্যতম চরিত্র গুণী অভিনেত্রী দীপা খন্দকার। তিনি কথা বলেছেন সামাজিক নাটকের উত্থান, প্রয়োজনীয়তা এবং আমাদের ড্রয়িংরুম মিডিয়াসহ নানান প্রসঙ্গে।
ঈদের তৃতীয় দিন থাকবেন চাঁদ মামা, মন দরিয়া, মিনতিসহ একাধিক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী দোলা রহমান। এ সময়ের গান কোনদিকে বহমান, টিকটক-রিলসের সাথে নিজের রুচির সংঘাত বা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন ঈদ স্পেশাল ‘রাতাড্ডা উইথ তানভীর’ এ। তিনটি অনুষ্ঠানটি রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত লাইভ প্রিমিয়ার হবে জাগো এফএম ৯৪.৪ এ।
ঈদের বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেক বলেন, আমার কাছে ঈদ অনুষ্ঠান মানেই কিছু গৎবাঁধা প্রশ্নে বন্দি আলাপ না। কারণ এ সময় দর্শক শ্রোতাদের বাড়তি সময় থাকে। তাই নানান প্রসঙ্গের আলাপটাও ঈদের সঙ্গে খুবই সংগতিপূর্ণ। আর দীর্ঘ আলাপের অনুষ্ঠান বলে প্রাণখুলে অতিথিরাও কথা বলতে পারেন। আশা করি দর্শক-শ্রোতারাও দারুণভাবে উপভোগ করবেন আমাদের এই আয়োজন।
উদয় চৌধুরীর পরিকল্পনা ও সমন্বয়ে রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান মোহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানটি প্রচার হবে জাগো এন্টারটেইনমেন্টের সৌজন্যে।
সময়ের আলো/আআ