মোট ঋণের ৩০ শতাংশই খেলাপি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করা হতো না। তবে বিদায়ি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে খেলাপি

2026-03-19T06:05:00+00:00
2026-03-19T06:05:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
মোট ঋণের ৩০ শতাংশই খেলাপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:০৫ এএম 
সংগৃহীত ছবি
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ করা হতো না। তবে বিদায়ি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে খেলাপি ঋণের আসল চিত্র সামনে এনেছিল। এতে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে গত সেপ্টেম্বরে প্রায় ৩৬ শতাংশে ওঠে। তবে আদায় জোরদার ও বিশেষ পুনঃতফসিল সুবিধার কারণে খেলাপি ঋণ কমে গত ডিসেম্বর শেষে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকায় নেমেছে। মোট ঋণের যা ৩০ দশমিক ৬০ শতাংশ। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণের কারণে অনেক ব্যাংক গ্রাহকদের লভ্যাংশ দিতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে কোনো ব্যাংকে খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার বেশি থাকলে যতই মুনাফা হোক ওই ব্যাংক এবার লভ্যাংশ দিতে পারবে না। হিসাব বছর শেষের তথ্যের ভিত্তিতে এই হিসাব হবে। গত হিসাব বছরের ডিসেম্বর শেষে সরকারি-বেসরকারি খাতের ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে দুই অঙ্কের ঘরে। এ সংখ্যা মোট তফসিলি ব্যাংকের প্রায় অর্ধেক। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি ব্যাংক এবার শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না। আবার মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংক গত বছর থেকে লভ্যাংশ দিতে পারছে না। শুধু এই বিধানের কারণে গত বছর অনেক ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, একটি ব্যাংক যত মুনাফা করুক তার শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশ বা তার বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না। প্রভিশনসহ কোনো ধরনের সংস্থান ঘাটতি, সিআরআর ও এসএলআর ঘাটতির কারণে দণ্ড সুদ ও জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দেওয়া যাবে না। একটি ব্যাংক কেবল বিবেচ্য হিসাব বছরের নিট মুনাফা থেকে নগদ লভ্যাংশ দিতে পারবে। কোনোভাবেই পুঞ্জীভূত মুনাফা থেকে লভ্যাংশ দেওয়া যাবে না। আবার মুনাফা হয়েছে বলে ইচ্ছেমতো লভ্যাংশ বিতরণ করতে পারবে না। পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ বা নিট মুনাফার সর্বোচ্চ ৫০ শতাংশের লভ্যাংশ দেওয়া যাবে।

লভ্যাংশ দিতে পারবে না যেসব ব্যাংক দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ৩৬টি ব্যাংক। অবশ্য সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে যে পাঁচ ব্যাংক মিলে এখনও আলাদাভাবে তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হিসেবে দেখানো হচ্ছে। শুধু উচ্চ খেলাপি ঋণের কারণে এর মধ্যে ১৭টি ব্যাংক এবার লভ্যাংশ দিতে পারবে না।

সরকারি ৯টি ব্যাংকের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কেবল রূপালী ব্যাংক। ব্যাংকটির ১৯ হাজার ৬৩১ কোটি টাকা বা মোট ঋণের ৪১ দশমিক ৫৮ শতাংশ খেলাপি। অবশ্য সরকারি অন্য সব ব্যাংকেরও খেলাপি ঋণ দুই অঙ্কের ওপরে। সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ৭২ হাজার ১৫২ কোটি টাকা বা মোট ঋণের ৭৪ শতাংশ খেলাপি জনতা ব্যাংকের।

বেসরকারি খাতের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি সর্বোচ্চ। পাঁচ ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের ৯৭ দশমিক ৬৪ শতাংশ খেলাপি। এর পরে রয়েছে যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৯৬ দশমিক ৪৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ৯৬ দশমিক ২৭ শতাংশ, এসআইবিএল ৮০ দশমিক ৩৮ এবং এক্সিম ব্যাংক ৬২ দশমিক ৪৫ শতাংশ।

সমস্যাগ্রস্ত আইসিবি ইসলামিক ব্যাংকের ৮৪ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। আইএফআইসি ব্যাংকের মোট ঋণের ৫৩ দশমিক ১২ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫১ দশমিক ৯৯ শতাংশ ও এবি ব্যাংকের ৫০ দশমিক ৮৮ শতাংশ ঋণ খেলাপি।

খেলাপি ঋণের হারে এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের ৯২ হাজার ১১৫ কোটি টাকা বা ৪৯ দশমিক ৩৪ শতাংশ খেলাপি। প্রিমিয়ার ব্যাংকের ৩০ দশমিক ৪৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২২ দশমিক ৪৬ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১৭ দশমিক ১১ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৫ দশমিক ৮৩ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ১৫ দশমিক শূন্য ৪, ওয়ান ব্যাংকের ১৩ দশমিক ৪৯ ও ইউসিবির ১১ দশমিক ৬৯ শতাংশ খেলাপি। অবশ্য ব্যাংক খাতে বর্তমানে শতাংশ বিবেচনায় ৯৮ দশমিক শতাংশ খেলাপি ঋণ রয়েছে বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের।

সময়ের আলো/আআ



  বিষয়:   মোট  ঋণ  খেলাপি  অর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: