গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির পাশের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— চুনিয়াকান্দি গ্রামের রবিন চন্দ্রের ছেলে অপূর্ব সরকার (৫) এবং একই গ্রামের নসচ চন্দ্রের ছেলে অনুরোদ্ধ চন্দ্র (৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি মন্দির চত্বরে সমবয়সি অন্য শিশুদের সঙ্গে খেলছিল অপূর্ব ও অনুরোদ্ধ। একপর্যায়ে তারা প্লাস্টিকের বোতলে পানি আনতে মন্দির-সংলগ্ন খালের পাড়ে যায়। সেখানে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় তারা। এ সময় পানিতে তলিয়ে যায় অপূর্ব ও অনুরোদ্ধ।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাদের পানির নিচ থেকে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। এমন ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য ছানা মিয়া বলেন, শিশুরা খেলার ছলে খালে পানি আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
এফআর