দীঘিনালার ডিলার পয়েন্টগুলোতে ঝুলছে ‘তেল নেই’ নোটিশ

জাকির হোসেন, দীঘিনালা, (খাগড়াছড়ি)

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরের মাত্র এক দিন বাকি থাকলেও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে ব্যবসায়ীদের ঈদ আনন্দে ভাটা পড়েছে।

2026-03-19T21:59:15+00:00
2026-03-19T21:59:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দীঘিনালার ডিলার পয়েন্টগুলোতে ঝুলছে ‘তেল নেই’ নোটিশ
জাকির হোসেন, দীঘিনালা, (খাগড়াছড়ি)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম 
দীঘিনালার ডিলার পয়েন্টগুলোতে ঝুলছে ‘তেল নেই’ নোটিশ। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতরের মাত্র এক দিন বাকি থাকলেও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে ব্যবসায়ীদের ঈদ আনন্দে ভাটা পড়েছে। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় উপজেলার অধিকাংশ ডিলার পয়েন্ট ও খুচরা জ্বালানি তেলের দোকান বন্ধ হয়ে গেছে। 

অনেক দোকানের সামনে ঝোলানো হয়েছে ‘অক্টেন ও ডিজেল নেই’—এমন নোটিশ। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জানা গেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পর থেকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং সরবরাহে বিঘ্ন ঘটছে। এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মতো দূরবর্তী এলাকায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে দেখা যায়, পলাশ ফিলিং স্টেশন ও দীঘিনালা ট্রেডিং কর্পোরেশন ছাড়া আল নোমান ট্রেডিং, শাহ আমানত ট্রেডার্স, কবাখালির মনির এন্টারপ্রাইজ এবং হোসেন এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অক্টেন ও ডিজেল নেই। অনেক দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে ‘অক্টেন ও ডিজেল নেই’—এমন নোটিশ ঝুলতে দেখা গেছে। এতে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে ও পরে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাধারণত ব্যবসায়ীদের লাভের অঙ্ক বেশি থাকে। কিন্তু চলমান সংকটে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিক্রি না থাকায় অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। 

বোয়ালখালী বাজারের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলার ‘আল নোমান ট্রেডিং’-এর স্বত্বাধিকারী মো. হাবিব উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল না থাকায় তার ব্যবসা বন্ধ রয়েছে। 


ঈদকে ঘিরে বাড়তি আয়ের আশা থাকলেও তেল সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মো. হাবিব উল্লাহ বলেন, আয় না থাকায় কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ মেটাতে গিয়ে তিনি বড় ধরনের লোকসানে পড়েছেন। তার পরিবারের সঙ্গে ঈদের পরিকল্পনাও ভেস্তে গেছে।

একই বাজারের আরেক ডিলার ‘শাহ আমানত ট্রেডার্স’-এর ম্যানেজার দিলীপ কুমার মল্লিক জানান, তেল সংকটের কারণে দীর্ঘদিন ধরে তাদের ব্যবসাও বন্ধ। বাধ্য হয়ে কর্মচারীদের আগেই ছুটিতে পাঠাতে হয়েছে।

অন্যদিকে, কবাখালী বাজারের খুচরা বিক্রেতা মো. বাশার জানান, রমজানের শুরুর দিকে একবার তেল আনলেও এরপর থেকে আর কোনো তেল পাননি তিনি। তাই দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন জানিয়ে তিনি বলেন, এখন পরিবারের ঈদের খরচ নিয়েও চরম দুশ্চিন্তায় আছেন তিনি।

এফআর


  বিষয়:   খাগড়াছড়ি  দীঘিনালা  তেল সংকট  ডিলার পয়েন্ট  ঝুলছে  তেল নেই  নোটিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: