ঈদে নিজেকে সুন্দর করে সাজাতে চাঁদরাতে বাড়িতে সেরে নিন হাত ও পায়ের যত্ন। পার্লারে খরচ না করে বাড়িতে মাত্র ১০ মিনিটে করে নিতে পারেন মেনিকিউর-পেডিকিউর।
ধুলাবালির সংস্পর্শে এসে হাত-পায়ের ত্বকে ময়লা জমতে শুরু করে। ফলে আঙুলের নখে জীবাণু লুকিয়ে থাকে। যদি নখগুলো ভালো করে পরিষ্কার না করেন, তাহলে ত্বকের মৃত কোষগুলো জমাট বেঁধে থাকে। তাই ঈদে মেনিকিউর- পেডিকিউর করাটা জরুরি।
মেনিকিউর ও পেডিকিউর শুধু হাত পায়ের নখ কাটা ও পরিষ্কার করাকেই বোঝায় না। স্ক্রাবিং ও ম্যাসাজ করার মাধ্যমে হাত ও পায়ের আঙুলের রক্ত সঞ্চালন বাড়ানোকেও বোঝায়।
পার্লারে দীর্ঘসময় ব্যয় না করে কিছু সহজ উপায়ে বাড়িতে এ কাজটি করে নিন। তাই চলুন জেনে নিই ঘরে বসে ম্যানিকিউর ও পেডিকিউর করার সহজ কিছু উপায়-
১। প্রথমে ঘরের মেঝেতে তোয়ালে বা খবরের কাগজ বিছিয়ে তার ওপর একটি চেয়ার রাখুন। তারপর সামনে একটি ছোট টেবিলে রাখুন মেনিকিউর-পেডিকিউর করার সব সরঞ্জাম।
২। অন্যদিকে একটি বালতি বা বড় গামলায় হালকা গরম পানি নিন। এমনভাবে পানি নিন যার মধ্যে আপনি হাত-পা ডুবিয়ে রাখতে পারবেন। তবে হাত-পা ভেজানোর আগে তা ভালোভাবে হালকা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর স্যানিটাইজার দিয়ে হাত-পা স্যানিটাইজ করুন।
৩। তারপর হাত-পায়ের নখে নেইল পলিশ থাকলে তা রিমুভ করে নিন। এবার গরম পানির মধ্যে পা ও হাত ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
৪। এরপর আরেকটি পাত্রে হালকা গরম পানি নিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ গরম নারকেল তেল মিশিয়ে তার মধ্যে আপনার হাত-পা ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
৫। হাত ও পায়ের মরা চামড়া দূর করতে স্ক্রাব ব্যবহার করা জরুরি। ৯ টেবিল চামচ টকদইয়ের সঙ্গে ৬ টেবিল চামচ চিনি, গোলাপ পাপড়ির পেস্ট ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
৬। মিশ্রণটি প্রথমে পায়ে ও পরে হাতে লাগিয়ে ২-৩ মিনিট আলতোভাবে ম্যাসাজ করে ধুয়ে নিন। এরপর আপনার হাত ও পা মুছে নিন।
৭। এবার হাত-পায়ের নখ পরিষ্কার করতে একটি নরম-ব্রিস্টেড পরিষ্কার টুথব্রাশ ব্যবহার করুন। তারপর নখের কিউটিকলগুলো তুলে ফেলুন। এজন্য অবশ্যই ব্যবহার করতে হবে কিউটিকল পুশার।
৮। এবার নেইল কাটার দিয়ে নখগুলো ভালো করে কেটে নিন। নখের হলুদ দাগ ও মসৃণভাব আনতে চাইলে নেইল বাফার ব্যবহার করুন। এতে নখ হবে আরও মসৃণ ও ঝকঝকে। এবার আবার টক দই, গোলাপের পাপড়ি, চিনি ও লেবুর রস দিয়ে তৈরি স্ক্রাব মালিশ করে পানি দিয়ে ধুয়ে নিন।
৯। এ পর্যায়ে টিএলসি লোশন ব্যবহারের মাধ্যমে আপনার হাত-পা ম্যাসাজ করুন। এই ম্যাসাজের জন্য আপনি যতটা চান সময় নিতে পারেন।
১০। টিএলসি লোশন না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ব্যাস, বাড়িতেই হয়ে গেলো মেনিকিউর-পেডিকিউর। মেনিকিউর-পেডিকিউর হয়ে গেলে পছন্দের রঙের নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন।
সময়ের আলো/আআ