ইউরোপের ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট আয়ারল্যান্ড। ‘ইউরো নেশনস কাপ’ নামে প্রস্তাবিত এই আসর ২০২৭ সালেই মাঠে গড়াতে পারে বলে আশাবাদী সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।
শুক্রবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের ২০২৬ সালের ঘরের আন্তর্জাতিক সূচি ঘোষণা করতে গিয়ে তিনি এসব কথা জানান।
প্রস্তাবিত এই টুর্নামেন্টটি অনেকটা এশিয়া কাপের মতো হবে, যেখানে ইউরোপের কয়েকটি শীর্ষ ও উদীয়মান দল অংশ নিতে পারে। সম্ভাব্য দলের তালিকায় রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি।
পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও একই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ম্যাচগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার সম্ভাবনাই বেশি।
ব্রায়ান ম্যাকনিস জানান, এই ধারণা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে আসা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি আলোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, এটি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছি। আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট বাস্তবায়ন সম্ভব। আলোচনাগুলো এখন এমন জায়গায় পৌঁছেছে যে, আমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। ২০২৭ সালের গ্রীষ্মেই এটি শুরু হতে পারে।
তবে টুর্নামেন্টের সুনির্দিষ্ট ফরম্যাট, অংশগ্রহণকারী দল এবং অন্যান্য বিস্তারিত আগামী কয়েক মাসের মধ্যেই জানানো হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রচার সংস্থাগুলোর আগ্রহও থাকবে বলে ধারণা আয়োজকদের।
ইউরো নেশনস কাপ ইউরোপের ক্রিকেটের প্রসারে এটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ছোট দলগুলোর জন্য এটি হবে বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।
একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতার কথাও ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এই চুক্তির আওতায় আয়ারল্যান্ডের পুরুষ দল নিয়মিতভাবে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। পাশাপাশি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ২০২৬-২৭ মৌসুম থেকে অন্তত একজন আয়ারল্যান্ডের ক্রিকেটার দলে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সময়ের আলো/আআ