ফেনীর রামপুর এলাকায় অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ মার্চ ) ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে বাস-অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেখানে ধাক্কা দেয়।’
তিনি বলেন, ‘এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হয়। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।’
সময়ের আলো/কেএইচও