গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় আটক তিন জুয়ারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। ফের অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ফুলছড়ি থানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে পুলিশের ওপর হামলার ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হয়। এতে আটকৃতদের স্বজনেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আটক ব্যক্তিদের মধ্য থেকে তিনজনকে ছিনিয়ে নেওয়া হয়।
পরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, ফুলছড়ি উপজেলার চন্দিয়া গ্রামের নয়াপাড়া এলাকার মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫), জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭) এবং চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
এসআই আব্দুল কাইয়ুম বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানকালে ছয়টি মোবাইল ফোন ও ২৬ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।
এফআর