মুজিব ইরমের কবিতা

মুজিব ইরম

সাহিত্য

ফুল মৌসুমের কবিতাচারপাশে এতো সব রঙের ছোবল…দোপাটি ফুটেছে বড়োগোলাপি বেগুনি নীললালসাদাহরেক রকম…সেই রূপ ফুটেছে ফুলকসমসনানা রঙেডাগর হয়েছে…তবু জয়তি ফুলের দিকে

2026-03-25T22:18:58+00:00
2026-03-25T22:18:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
মুজিব ইরমের কবিতা
মুজিব ইরম
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ফুল মৌসুমের কবিতা

চারপাশে এতো সব রঙের ছোবল…
দোপাটি ফুটেছে বড়ো
গোলাপি বেগুনি নীল
লালসাদা
হরেক রকম…
সেই রূপ ফুটেছে ফুল
কসমস
নানা রঙে
ডাগর হয়েছে…
তবু জয়তি ফুলের দিকে মন যায়
তবু জিনিয়া ফুলেরা টানে
মন উচাটন জাগে…
আগুন আগুন ফুল
ফোটায় বিষণ্ন হুল
চৈত্রদিনে পাগল পাগল লাগে…

কোকিল কাঁদিছ না রে আর
পুষ্পজ্বলা দিনে বসন্ত বাতাসে
আমার আহত মন ফুটে থাকে নীল ঘাসে ঘাসে।

দেশি ফুল বৈদেশি কুসুম

ফুলের মৌসুম আসে
ফুটে কতো দেশি ফুল
বৈদেশি কুসুম…

কী যে ভালো বরুণের ফুল
ফুটেছে আড়ালে
অনাদরে
অবহেলা সহে
নিজস্ব নন্দনে…
তাকে আমি স্বাগত জানাই
নীরবে নিভৃতে
নামিদামী ফুলেদের মাঝে
বড়ো প্রিয়
এই সব নীরবতা
এই সব নির্জন সুন্দর…

ও আমার সন্ধ‍্যামালতী কুসুম
তুমিও ফুটিও তবে কিছুটা আড়ালে।

আগুন ফুলের দিন  

তোমার অধর রাঙা পাখিফুল ঝুলে আছে ডালে 
আগুন ফুলের দিন এসে গেছে
গাছে গাছে লাল শাড়ি
গাছে গাছে হাসি
রক্তরোদ
তাম্বুল রঞ্জন…
এমন আগুন লাগা দিনে 
এখানে আসিও…
কে যেনো রক্তিম ফুল গোঁজে রাখে চুলে
কে যেনো শিমুল শাড়ি নিঙারি নিঙারি 
হেঁটে যায় বনে
এমন কুসুম দিনে এ ঘরে আসিও…
কে যেনো গাইছে দূরে ফুলেরা বেহাল
তোমার ঠোঁটে পলাশ ফোটে রঙ ধরেছে লাল…


  বিষয়:   সাহিত্য  কবিতা 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: